দূষণ ও দখলের কারণে দেশের নদীগুলো হুমকির মুখে পড়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
· Prothom Alo

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও সংস্কৃতি নদীকেন্দ্রিক। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, নাব্যতা হ্রাস, দূষণ ও দখলের কারণে দেশের নদীগুলো হুমকির মুখে পড়েছে।
Visit asg-reflektory.pl for more information.
আজ সোমবার দুপুরে সিলেট বিমানবন্দর এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত এক দিনব্যাপী ‘নদী মেলা ২০২৬’–এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে সকালে তিনি নদী মেলার উদ্বোধন করেন। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) আয়োজনে নদী মেলার প্রতিপাদ্য ছিল ‘নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী’। প্রকৃতি, নদী ও মানুষের পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক তুলে ধরা এবং নদী সংরক্ষণে জনসচেতনতা ও সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। বিকেলে মেলা শেষ হয়।
মেলায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানিপ্রবাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, স্থানীয় জনগণ, গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
মেলার আয়োজক সিএনআরএসের প্রোগ্রাম ম্যানেজার নাদিম হোসেন বলেন, এই মেলা কেবল উৎসব নয়, বরং জ্ঞান বিনিময়, সংলাপ ও সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি জানান, ‘দ্য পিপলস রিভারস্কেপ’ প্রকল্পের আওতায় পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় অংশগ্রহণমূলক নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে সেখানে টেকসই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ, প্রকৃতিভিত্তিক সমাধান, নদীতীর সুরক্ষা এবং সচেতনতামূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগ নদী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অক্সফাম নেদারল্যান্ডসের প্রজেক্ট ডেভেলপমেন্ট লিড ভেরোনিকা বারকো জোরামস, পলিসি লিড (ক্লাইমেট রেজিলিয়েন্স) পেত্রিকেলা ইয়োহানা ফ্রান্সিস্কা মারিয়া, অক্সফাম নেপালের প্রোগ্রাম ম্যানেজার রাজন সুবেদি, ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার (ওয়াটার) মো. সিবলী সাদিক, অক্সফাম নেপালের রিসার্চ অ্যাডভাইজার সংঘা শ্রেষ্ঠা ও অক্সফাম ইন্টারন্যাশনাল-এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার এনামুল মজিদ খান সিদ্দিকী। এ ছাড়া নেদারল্যান্ডস দূতাবাস, অক্সফাম, ট্রোসা প্রোগ্রাম, বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ ও নদীনির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা আয়োজনে অংশ নেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে নদী সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে, অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং টেকসই নদী ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ শক্তিশালী হবে।