টানা ৭দিন ধরে গরুর মাংস খেলে কী হয়
· Prothom Alo

ঈদ, পারিবারিক অনুষ্ঠান বা বিশেষ কোনো উপলক্ষে অনেকেরই টানা কয়েক দিন গরু বা খাসির মাংস খাওয়ার অভ্যাস তৈরি হয়। বিশেষ করে কোরবানির সময় ঈদের দিন থেকে প্রতিবেলায় চলতে থাকে গরুর মাংসের বিভিন্ন পদ। রুটি, ভাত বা মুড়ির সঙ্গে ঝোল, ভুনা আর ঝুরা মাংস খাওয়া এই ঈদের খাদ্যসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
Visit betsport.cv for more information.
সুস্বাদু এই খাবার বাঙালির খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও প্রশ্ন হলো—টানা সাত দিন ধরে প্রতিদিন গরু বা খাসির মাংস খেলে শরীরে কী প্রভাব পড়ে? এতে কি উপকার হয়, নাকি কিছু ঝুঁকিও রয়েছে? কীভাবে খেলে তা ক্ষতিকর হবে না?
বিশেষজ্ঞদের মতে, গরু ও খাসির মাংস পুষ্টিগুণে ভরপুর। এগুলো উচ্চমানের প্রোটিনের অন্যতম উৎস। শরীরের পেশি গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি ধরে রাখতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন বা ব্যায়াম করেন, তাদের জন্য পরিমিত পরিমাণে লাল মাংস উপকারী হতে পারে।
এ ছাড়া গরু ও খাসির মাংসে রয়েছে প্রচুর ভিটামিন বি১২, আয়রন এবং জিঙ্ক। ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে, আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ এবং জিঙ্ক রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রাখে। বিশেষ করে প্রাণিজ উৎসের হিম আয়রন শরীর সহজে শোষণ করতে পারে, যা উদ্ভিজ্জ উৎসের আয়রনের তুলনায় বেশি কার্যকর।
তবে টানা সাত দিন প্রতিদিন গরু বা খাসির মাংস খাওয়ার কিছু নেতিবাচক দিকও রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ হলো এতে থাকা স্যাচুরেটেড ফ্যাট। বিশেষ করে চর্বিযুক্ত মাংস বেশি খেলে রক্তে এলডিএল বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদসংক্রান্ত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। আর সবচেয়ে ক্ষতি হয় রন্ধনপদ্ধতি ও মাংসের ভুল কাট বেছে নেওয়ার কারণে। তেল, মসলায় ডুবে আর মেখে থাকা ঝোল বা ভুনা মাংস এভাবে টানা খেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।
আরেকটি বিষয় হলো হজমের সমস্যা। অনেক সময় মানুষ মাংস বেশি খাওয়ার কারণে শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খেয়ে থাকে। মাংস হজম করতেও আমাদের পরিপাকতন্ত্রকে বেশ পরিশ্রম করতে হয়। ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গ্যাস বা হজমের অস্বস্তি দেখা দিতে পারে। অনেকের বদহজম ও ডায়রিয়াও হয়। বিশেষ করে যাদের আগে থেকেই হজমজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ আরও বেশি হতে পারে।
গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত লাল মাংস খাওয়া, বিশেষ করে প্রক্রিয়াজাত বা অতিরিক্ত পোড়া মাংস গ্রহণ, কিছু ধরনের ক্যানসার ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। যদিও মাত্র এক সপ্তাহ মাংস খাওয়ার ফলে এমন রোগ হওয়ার আশঙ্কা নেই, তবে এটি যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তাহলে সতর্ক থাকা প্রয়োজন।
তাহলে কি টানা সাত দিন গরু-খাসির মাংস খাওয়া উচিত নয়? পুষ্টিবিদরা বলছেন, মূল বিষয় হলো পরিমাণ ও ভারসাম্য। চর্বি কম এমন মাংস বেছে নেওয়া, অতিরিক্ত তেল ব্যবহার না করা এবং প্রতিদিনের খাবারে পর্যাপ্ত শাকসবজি, সালাদ, ফল ও আঁশযুক্ত খাবার রাখা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, টানা সাত দিন গরু বা খাসির মাংস খেলে শরীর কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পেতে পারে। তবে অতিরিক্ত খাওয়া বা খাদ্যতালিকায় ভারসাম্য না থাকলে কিছু স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই মাংস উপভোগ করুন, তবে পরিমিতি ও সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে।
ছবি: পেকজেলসডটকম