বিকাশে যুক্ত হলো ইস্টার্ন ব্যাংকের ডিপিএস সেবা
· Prothom Alo
বিকাশ অ্যাপের মাধ্যমে ডিজিটাল সঞ্চয় বা ডিপিএস সেবায় আরও একটি ব্যাংক যুক্ত হয়েছে। এখন থেকে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) গ্রাহকেরাও বিকাশ অ্যাপের মাধ্যমে ব্যাংকে না গিয়েই মাসিক ডিপিএস খুলতে পারবেন। এর মধ্য দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে এখন মোট পাঁচটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা গ্রহণের সুযোগ তৈরি হলো।
Visit freshyourfeel.org for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক অন্তর্ভুক্তিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষের জন্য সঞ্চয় আরও সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কত টাকা জমানো যাবে
বিকাশ অ্যাপের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের এই সঞ্চয় সেবায় ৬ মাস থেকে শুরু করে ১, ২, ৩ বা ৪ বছর মেয়াদে টাকা জমানো যাবে। প্রতি মাসে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করার সুযোগ থাকছে।
ডিপিএস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে গিয়ে ‘নতুন সেভিংস’ অপশনটি বেছে নিতে হবে। এরপর ‘সাধারণ সেভিংস’ সিলেক্ট করে মেয়াদ ও টাকার পরিমাণ নির্ধারণ করতে হবে। এ পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠানের তালিকা থেকে ‘ইস্টার্ন ব্যাংক’ বাছাই করে নমিনির তথ্য দেওয়ার পর পিন দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে। সফলভাবে ডিপিএস খোলা হলে গ্রাহক নিশ্চিতকরণ বার্তা পাবেন।
টাকা জমা ও উত্তোলনের নিয়ম
বিকাশ হিসাবে প্রয়োজনীয় ব্যালেন্স থাকলে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএসের কিস্তির টাকা কেটে নেওয়া হবে। মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফাসহ মূল টাকা গ্রাহকের বিকাশ হিসাবে চলে আসবে। এই টাকা খরচ ছাড়াই (ক্যাশ আউট চার্জ ছাড়া) উত্তোলন করা যাবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই অ্যাপের মাধ্যমে ডিপিএস বন্ধ করার সুযোগ আছে।
নতুন এই সেবা সম্পর্কে ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম খোরশেদ আনোয়ার বলেন, এই উদ্যোগের কারণে দেশজুড়ে গ্রাহকদের জন্য সঞ্চয় আরও দ্রুত ও সহজলভ্য হবে। এর মাধ্যমে ইবিএল আরও বৃহত্তর গ্রাহক শ্রেণির কাছে সঞ্চয় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ পাবে।
বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ব্যাংক হিসাব ও কোনো ধরনের কাগজপত্র ছাড়াই ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষও এখন সঞ্চয় করতে পারছেন। এতে দেশের ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম শক্তিশালী হচ্ছে।
ডিজিটাল সঞ্চয়ে আগ্রহ বাড়ছে
বিকাশ জানিয়েছে, ২০২১ সালে আইডিএলসি ফিন্যান্সের মাধ্যমে তাদের এই সেবা শুরু হয়। বর্তমানে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সর্বশেষ ইস্টার্ন ব্যাংক এই তালিকায় যুক্ত হলো।
বিকাশের তথ্যমতে, বিকাশ অ্যাপের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ৬০ লাখের বেশি ডিপিএস খোলা হয়েছে। এসব ডিপিএসের প্রায় ৩৪ শতাংশই খুলেছেন নারীরা। ব্যাংকিং সময়ের বাইরে ডিপিএস খোলার হার ৫৫ শতাংশ। অর্থাৎ গ্রাহকেরা সুবিধামতো সময়ে ডিজিটাল সঞ্চয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিকাশের এক জরিপে দেখা গেছে, মেয়াদ পূর্ণ হওয়া গ্রাহকদের ৯৬ শতাংশই পুনরায় বিকাশে ডিপিএস খুলতে আগ্রহী হচ্ছেন।