বিএনপির নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে: আযাদ
· Prothom Alo

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও দলীয় স্বার্থ রক্ষার জন্য তাদের ইচ্ছেমতো সংবিধান সংশোধনের পথ অবলম্বন করছে, যা নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে।
আজ শুক্রবার সকালে জামায়াতের ফরিদপুর জেলা অঞ্চলের বৈঠকে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন। ফরিদপুরের পশ্চিম খাবাশপুরের আল–ফালাহ মিলনায়তনে এ বৈঠক হয়।
Visit syntagm.co.za for more information.
হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়েছে, সংশোধনের জন্য নয়। এ জন্য বিরোধী দল সংসদে মুলতবি প্রস্তাব এনে আলোচনায় স্পষ্ট করে বলেছে, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে।
জাতীয় সংসদের সীমাবদ্ধতার কারণে সংবিধানের সংশোধনী বিলের মাধ্যমে মৌলিক সংস্কার সম্ভব নয় বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
এ সময় জাতীয় সংসদের চিপ হুইপ জামায়াতের বক্তব্যকে বিকৃত করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, চিফ হুইপ আজ রাজধানীতে এক সভায় বলেছেন, জামায়াত সংবিধান ছুড়ে ফেলতে চায়। তিনি যদি এই সংসদের কার্যবিবরণী ভালো করে দেখেন, তা হলে সত্যটি বুঝতে পারবেন। এ ধরনের কোনো বক্তব্য জামায়াত রাখেনি। তাঁদের নেত্রী খালেদা জিয়া জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলবেন এমন মন্তব্য করেছিলেন।
একই কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, এই সংবিধান আওয়ামী লীগের তৈরি সংবিধান। এই সংবিধানকে কাটাছেঁড়া করে একপেশে সংবিধান তৈরি করা হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। পঞ্চদশ সংশোধনী বহাল রেখে দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। তাই জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছেন।