মান্দায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা
· Prothom Alo

নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়ায় একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের কালীগ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সারওয়ার জাহান (৪৫)। তিনি কালীগ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি হলেন কালীগ্রাম গ্রামের রাজু আহমেদ (৫০)। দলবল নিয়ে তিনি সারওয়ারের ওপর এ হামলা করেন।
Visit raccoongame.org for more information.
আহত সারওয়ারের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘প্রায় এক বছর আগে কালীগ্রামের প্রসাদ কুমার ও তাপস কুমারের কাছ থেকে তাঁদের বসতবাড়ি কিনে নেওয়া হয়। বাড়ি কেনার কিছুদিন পর থেকে অভিযুক্ত রাজু আহমেদ ও তাঁদের সাঙ্গোপাঙ্গরা এক লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। একই দাবিতে ঈদের আগের দিন বিকেলে রাজু আহমেদের নেতৃত্বে তাঁর লোকজন আমাদের বাড়ি ঘিরে রাখেন। পরে স্থানীয় লোকজনে চাপের মুখে তাঁরা পিছু হটেন। আজ দুপুর ১২টার দিকে একই দাবিতে রাজু ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে আমার স্বামীকে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থতলে দেয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, হামলাকারীরা হাতুড়ি দিয়ে সারওয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।