বুমেরাং
· Prothom Alo

যে গিয়েছে অগস্ত্যযাত্রায়
তার জন্যে উথলে ওঠা দীর্ঘশ্বাস কেন?
অর্ধস্ফুট আকুলি–বিকুলি তপ্ত নোনাজল?
এমন আদেখলেপনা মানসিক দুর্বলতা,
পুরোটা না বুঝেশুনে শুধু হাহাকার,
এই মর্ত্য চরাচর তার কোনো প্রতিধ্বনি
কখনোই দেয় না ফিরিয়ে। ভুলেও না।
যে যাওয়ার, সে যাবেই, ছায়ামায়া অনিচ্ছায়
ফেলে গেছে কিছু—রুমাল, বকুলমালা
তারই মধ্যে জেগে রয় সুষুপ্তি দহনজ্বালা
প্রচ্ছন্ন আদুরে সত্তা, লালিত বর্ধিত হয়
আমৃত্যু থেকেই যাবে এইমতো পীড়ন সংশয়-
এক একা পুড়বার, বঞ্চনা ও ক্ষতের শুশ্রূষাতাপ
এটুকুই গোপন সম্বল কিংবা শেষপারানির কড়ি
হুতাশন নিঃশব্দ নিঝুম অনুতাপে জড়ামড়ি
কেন তবে ভালোবাসা জন্মেছিল এই বুকে
কেন তবে সমর্পিতা হয়েছিল সেই নারী, কেন কেন?
যার নাম চোরাবালি একতরফা অসম বিষম টান
তাকে দিই অবজ্ঞা ও নির্লিপ্তির আশকারায় বিষাক্ত ছোবল!
দিতে চেয়ে ব্যর্থ হই, আবার সে ফিরে আসে, অন্ধ বুমেরাং!!
Visit orlando-books.blog for more information.