কবি সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান
· Prothom Alo

বাংলাদেশের প্রখ্যাত কবি, নারী জাগরণের অগ্রদূত ও ‘জননী সাহসিকা’খ্যাত সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও সাঁঝের মায়া ট্রাস্টের যৌথ উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে কবির বাড়ি ‘সাঁঝের মায়া’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Visit newssport.cv for more information.
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংগঠক খুশী কবির। তিনি বলেন, সুফিয়া কামাল তাঁর জীবনযাপন ও ধারণের মধ্য দিয়ে নারীবাদ, মানবাধিকার, গণতন্ত্র ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। সুফিয়া কামালের ব্যক্তিত্বকে ‘টাওয়ারিং পারসোনালিটি’ (সুউচ্চ ব্যক্তিত্ব) হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাঁর এই ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে। বাংলাদেশকে যাঁরা ভালোবাসেন, তাঁরা সবাই কবির দ্বারা প্রভাবিত।
এমএসএফের নির্বাহী প্রধান আইনজীবী সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘তরুণ প্রজন্মের ভাবনায় কবি সুফিয়া কামাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সুফিয়া কামালের সাহিত্যকর্ম, নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা, মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান এবং সমকালীন সমাজে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক খুরশীদা ইমাম, সংস্কৃতিকর্মী তৃষ্ণা সরকার, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক কর্মী মো. জাহেদুল আলম হিটো এবং কবিকন্যা সাঈদা কামাল প্রমুখ।
কবিকন্যা সাঈদা কামাল বলেন, সুফিয়া কামালের জীবন ছিল বিস্তৃত রূপকথার মতো। সহজ-সরল গৃহী জীবনযাপনের মধ্য দিয়ে তিনি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন।
আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন ছায়ানট ও নজরুল ইনস্টিটিউটের শিক্ষক জান্নাতুল ফেরদৌস লাকী, সানবিমস স্কুলের শিক্ষক ফেরদৌস রহমান চন্দন এবং সুফিয়া কামাল সাংস্কৃতিক প্রাঙ্গণের শিক্ষক মাহবুবা সুলতানা লিমা। এ ছাড়া সুফিয়া কামালকে নিয়ে লেখা পাঠ করেন এমএসএফের কর্মী মো. মনির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই সংগঠনের কর্মী তানিয়া খাতুন।