অধিনায়কত্বের প্রথম ম্যাচে মারিয়ার চোখ ঈদ উপহারে
· Prothom Alo

হ্যাটট্রিক শিরোপার সমীকরণ মাথায় নিয়ে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত দুটি সাফজয়ী দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মারিয়া মান্দার এবার অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। আজ বিকেলে মারগাঁওয়ের ডন বস্কো কলেজ মাঠে দলের শেষ মুহূর্তের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিখ্যাত সেই কলসিন্দুর স্কুলের কন্যা মারিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, উৎসবের এই সময়ে দেশবাসীকে একটি দারুণ জয় আর সুন্দর ফুটবল উপহার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
Visit newsbetting.cv for more information.
অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ নিয়ে মারিয়া বেশ রোমাঞ্চিত। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ফিলিংসটা তো অবশ্যই ভালো। আর যেহেতু কাল থেকে আবার নতুন করে সাফ শুরু...তো আসলে ভালোটা দিয়ে শুরু করতে চাই।’
ভারত তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিলেও বাংলাদেশ দল এখনই গোলের বন্যা বইয়ে দেওয়ার চাপ মাথায় নিচ্ছে না। মারিয়ার কাছে গোলের চেয়ে ৩ পয়েন্ট তুলে নেওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে ২৩ বছর বয়সী মারিয়া বলেন, ‘আমাদের টার্গেট থাকবে পয়েন্ট...গোল ম্যাচের ওপর ডিপেন্ড করে। ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।’
ভারতের বিপক্ষে ৩১ মে পরের ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে এখনই নানা সমীকরণ ঘুরপাক খেলেও বাংলাদেশ দল হাঁটছে ‘ম্যাচ-বাই-ম্যাচ’ পরিকল্পনায়। মারিয়া মনে করেন, সাফে কোনো ম্যাচই সহজ হবে না। তাঁর ভাষায়, ‘আগে প্রথম ম্যাচ শেষ করি। দ্বিতীয় ম্যাচ নিয়ে আপাতত আমরা চিন্তা করছি না। প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক ম্যাচে লড়াই হবে।’
শেষ মুহূর্তের অনুশীলনে বাংলাদেশের মেয়েরামাঝমাঠের অন্যতম কান্ডারি মনিকা চাকমার হালকা চোট থাকায় কালকের ম্যাচে মারিয়ার কাঁধেই থাকবে মাঝমাঠ সামলানোর মূল দায়িত্ব। দলে নতুন আসা মৌমিতা, অর্পিতাদের নিয়ে আশাবাদী নতুন এই অধিনায়ক। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়ে মারিয়া বলেন, ‘মিডফিল্ড থেকে যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে সব সময় ভালো একটা রেজাল্ট হয় বা খেলা খুব সুন্দর হয়।’ অন্য এক প্রশ্নে বলেন, ‘যে ভালো খেলে, সে-ই টিমে থাকে।’
ঈদুল আজহার দিনে দেশের ফুটবলপ্রেমীরা চোখ রাখবেন গোয়ার মারগাঁও শহরের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। দূর প্রবাসে থাকলেও দেশের মানুষের সেই প্রত্যাশার চাপ ভালো করেই বোঝেন মারিয়া। তাই দেশবাসীকে ঈদের উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মারিয়া বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে আমরা ভালো খেলব এবং ভালো একটা রেজাল্ট দেব। আমরা ভালো কিছু করলে সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়া। দেশবাসীকে অবশ্যই ঈদ উপহার হিসেবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’
‘অবাস্তব গোলের কল্পনা করবেন না, ফুটবল এভাবে চলে না’—চেনা মেজাজেই বাটলার