ঈদের ছুটিতে সপরিবার বাড়ি ফিরছিলেন, গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে বাবা–মেয়ে নিহত

· Prothom Alo

ঈদের ছুটিতে সপরিবার গ্রামের বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের এক কর্মী ও তাঁর চার বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী।

আজ সোমবার সকাল সাতটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী পর্যটন মোটেল-সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Visit afrikasportnews.co.za for more information.

নিহত ব্যক্তিরা হলেন ব্র্যাকের রংপুর মহানগরের মাহিগঞ্জ শাখার কর্মী আনিসুর রহমান (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে আয়েশা। আনিসুর রহমানের বাড়ি পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমানের স্ত্রী পুষ্পা খাতুনকে (২৫) উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ ভোরে রংপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে পাবনার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন আনিসুর রহমান। সকাল সাতটার দিকে বগুড়ার বনানী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুর রহমান, তাঁর স্ত্রী ও সন্তান সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিসুর ও তাঁর মেয়ে আয়েশার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত পুষ্পা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আনিসুর রহমান। তাঁর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Read full story at source