বিপন্ন বাগডাশকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হলো গাছে
· Prothom Alo

চট্টগ্রামের সাতকানিয়ায় বিপন্ন প্রজাতির একটি বাগডাশকে পিটিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পরে প্রাণীটির মরদেহ উদ্ধার করে বন বিভাগের একটি দল। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা গ্রাম থেকে বাগডাশটির মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় আগে থেকেই বাগডাশের বিচরণ ছিল। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে একদল ধান কাটার শ্রমিকের চোখে পড়ে বাগডাশটি। পরে তাঁরা প্রাণীটিকে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করেন। একপর্যায়ে গলায় দড়ি লাগিয়ে পাশের একটি পুকুরপাড়ের আমগাছে বাগডাশটির মরদেহ ঝুলিয়ে রাখা হয়। পরে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন কিশোর সেটিকে গাছ থেকে নামিয়ে পাশের কৃষিজমিতে ফেলে দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা রাতে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির মরদেহ উদ্ধার করেন।
Visit chickenroad-game.rodeo for more information.
বন বিভাগ জানায়, বাগডাশ কৃষকের উপকারী প্রাণী। এটি ইঁদুর, জলাভূমির অসুস্থ মাছ ও ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষায় ভূমিকা রাখে। নিরীহ প্রাণীটি সংরক্ষিত বন্য প্রাণীর তালিকাভুক্ত। এ প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও সচেতনতার অভাবে গ্রামাঞ্চলে এখনো এমন ঘটনা ঘটছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের বড়দুয়ারা বিটের একটি দল রাতে বাগডাশটির মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’