ঈদে মুক্তি পাচ্ছে কয় সিনেমা
· Prothom Alo

দিন পনেরো পরই ঈদুল আজহা। এই উৎসব ঘিরে মুক্তির তালিকায় থাকা বেশির ভাগ সিনেমাই প্রচার–প্রচারণায় নেই। কোনোটির আবার শুটিংই শেষ হয়নি। কেউ আবার নীরবে ঈদে মুক্তির দৌড় থেকে ছবি গুটিয়ে নিচ্ছেন। ঈদুল আজহার সিনেমার খোঁজখবর করলেন মনজুরুল আলম
সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে‘মাসুদ রানা’ কি পারবে
প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল মাসুদ রানার শুটিং। টানা শুটিং হওয়ার কথা থাকলেও পরে নানা জটিলতা দেখা যায়। হঠাৎ করে এ বছর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা করে, ঈদুল আজহায় আসছে মাসুদ রানা। কিন্তু আগে যে শুটিং অসমাপ্ত ছিল, সিনেমার কোনো প্রচারণাও তো নেই। এসব বিষয়ে গত বৃহস্পতিবার পরিচালক সৈকত নাসির প্রথম আলোকে বলেন, ‘আমাদের সিনেমার সব শুটিং শেষ। এখন টানা পোস্টের কাজ চলছে। আমাদের সিনেমা ঈদেই আসবে।’ তিনি আরও জানান, ২০ মের মধ্যে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দেবেন। প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সিনেমা কীভাবে প্রচারণা করবে, সেই পরিকল্পনা জাজ মাল্টিমিডিয়ার রয়েছে।’ প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী।
Visit mchezo.life for more information.
বনলতা সেন সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ও বাসার। ছবি: ফেসবুক থেকে‘বনলতা সেন’ কি আসবে
গত বছরই বনলতা সেন মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পায়নি। এ বছর সবার আগে তারাই মুক্তির ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো কোনো প্রচার–প্রচারণা নেই। সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বৃহস্পতিবার প্রথম আলোকে বললেন, ‘কিছু কারণে আমরা এখনো প্রচারণায় যেতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। এখনো অফিশিয়াল ঘোষণা দিইনি। হল নিয়ে কিছু ভাবনার বিষয় রয়েছে। কারণ, সন্ধ্যা সাতটা পর্যন্ত সিনেমা হল খোলা। এর মধ্যে কতটা শো কাভার দিতে পারব, ভাবছি। সময়টা জুতসই না। এ জন্য আমাদের আরও দু–তিনটা মিটিং করতে হবে। পরেই আমরা সিদ্ধান্ত নেব। তবে এখনো আমরা আশাবাদী।’ সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় কবি জীবনানন্দ দাশ হয়েছেন খায়রুল বাসার।
‘পিনিক’ প্রচারণায় নীরবতা
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত পিনিক সিনেমাটির গত ঈদেই আসার কথা ছিল। পরে বড় তারকা ও হল সংখ্যার কথা ভেবে মুক্তি থেকে সরে যান প্রযোজক। ঘোষণা দেন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেবেন। কিন্তু এখনো সিনেমাটি কোনো প্রচারণায় নেই। তাহলে কি এবারও মুক্তি পাবে না? প্রশ্নের উত্তরে পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘নীরব রয়েছি, তবে প্রচারণা দিয়েই সরব হব। হল সংখ্যা যা–ই হোক, এবার আমরা কোনোভাবেই সিনেমাটির মুক্তি থেকে সরে যাচ্ছি না।’ সেভাবেই প্রযোজকের সঙ্গে কথা বলেছেন। আগামীকাল থেকে তাঁরা নিয়মিত গান, টিজার ট্রেলার দিয়ে প্রচারণায় যুক্ত হবেন।
‘বিদায়’ ঈদে আছে–নাই
গত বছর শুরু হয় বিদায়–এর শুটিং। সিনেমাটির প্রায় ৯৭ ভাগ শুটিংই শেষ। অল্প কিছু অংশের শুটিং শিগগির মালয়েশিয়ায় হবে, জানালেন প্রযোজক শাহরীন আক্তার। তিনি জানান, দ্রুতই সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। তবে ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সরে যেতে পারেন। এই প্রযোজক বলেন, ‘ঈদ আমাদের পরিকল্পনা আছে। তবে ঈদ ছাড়া কোনো একটি উৎসব তৈরি করে মুক্তি দেওয়ার কথাও ভাবছি।’ তাহলে ঈদে কি একেবারেই অনিশ্চিত—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনো অনিশ্চিত বলব না। শেষ মুহূর্তে কী হয়, বলা যায় না। আর সবাই ঈদে সিনেমা মুক্তি দিলে অন্য সময় কারা মুক্তি দেবে? কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা নিয়ে আসতে হবে।’ মেহেদী হাসান পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ।
শুভর ‘মালিক’ কত দূর
শুটিং শেষ। এখন চলছে শেষ মুহূর্তের পোস্টের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দিতে চান পরিচালক সাইফ চন্দন। সেভাবেই সবকিছু গুছিয়ে আনছেন। বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল, সিনেমাটি ঈদুল আজহায় আসবে। তবে পরিচালক সাইফ বললেন, ‘কবে মুক্তি পাবে, এটা নিয়ে এমন কোনো ঘোষণা আমি দিইনি। এটা কেউ কেউ ছড়িয়েছে।’ তাহলে কি সিনেমাটি ঈদে আসছে না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘পোস্টের কাজটা আরেকটু গুছিয়ে নিতে চাইছি। এ জন্য হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। তারপরই সিদ্ধান্ত, ফাইনালি ঈদে আসবে কি না।’ মালিক সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
‘নাকফুলের কাব্য’ আসছে
দুই বছর আগেই সেন্সর সনদ পায় নাকফুলের কাব্য। কিন্তু নানা কারণে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি মুক্তি দেয়নি। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাল, আগামী ঈদে মুক্তি পাবে নাকফুলের কাব্য। এটি পরিচালনা করছেন আলোক হাসান। তিনি বলেন, ‘সিনেমাটি ঈদে আসবে নিশ্চিত। সেভাবেই সব কাজ এগিয়ে চলেছে। সিনেমার তিনটি গানের একটি এ সপ্তাহে মুক্তি দেব। পরে ট্রেলার, টিজার আসবে।’ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী জুটি।
১৭ মে থেকে মাঠে ‘রইদ’
হাওয়ার পর চার বছর বিরতি দিয়ে রইদ নিয়ে ফিরছেন মেজবাউর রহমান সুমন। সিনেমার ট্রেলার ও পোস্টার আলোচনায় এসেছে। প্রশংসা পাচ্ছে সিনেমার গান। পরিচালক জানালেন, ঈদ ঘিরেই তাঁরা পরিকল্পনামাফিক সিনেমার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সর্বশেষ গান এসেছে। সুমন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রস্তুত। ১৭ মে পুরো টিম নিয়ে থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় প্রচারণায় সরব হব। টানা ঈদ পর্যন্ত চলবে প্রচারণা।’ সিনেমার শেষ মুহূর্তের কিছু পোস্টের কাজ গুছিয়ে নিচ্ছেন এই পরিচালক। জানালেন, সব ঠিক থাকলে এ সপ্তাহে সেন্সরে যাবে রইদ। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
আলোচনায় ‘রকস্টার’
গত মাস থেকেই আলোচনায় রকস্টার। শুরুতেই প্রকাশ পায় সিনেমার লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন। তারপরই ঢালিউড দর্শকদের মধ্যে রকস্টার-এর টিজার আলোচনায় আসে। সব মিলিয়ে বলা যায়, এখন পর্যন্ত সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গত শুক্রবার সিনেমাটির সর্বশেষ ঢাকার অংশের শুটিং শেষ। গত সোমবার গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটিং শেষ হয়। এর মধ্যেই চলছে সম্পাদনার কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে যাবে। পরিচালক আজমান রুশো বলেন, ‘আমাদের সিনেমার শুটিং শেষ মুহূর্তে। এর মধ্যে পোস্টের কাজ চলছে। সামনে নিয়মিত প্রচারে চমক থাকবে।’ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।