ভেতরে মিলেছে বিছানা–বালিশ, লক্ষ্মীপুরে ‘রহস্যময়’ সুড়ঙ্গটি কিসের

· Prothom Alo

বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয় বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ ঢাকা হয়েছে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের একটি বাগানে এ সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। সুড়ঙ্গটির ভেতরে তিন থেকে চারজন একসঙ্গে অবস্থান করতে পারতেন। প্রবেশমুখে বাঁশ ও ডালপালা দিয়ে তৈরি ঢাকনা থাকায় বাইরে থেকে কিছু বোঝা যেত না। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।

Visit somethingsdifferent.biz for more information.

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজন সাহা নামের এক যুবক তাঁর সহযোগীদের সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। তিনি তাঁর সহযোগীদের নিয়ে এখানে নিয়মিত বসতেন। তিনি এখানে নিয়মিত মাদক সেবন করতেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

সুজন সাহার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুড়ঙ্গটি তাঁর স্বামী তৈরি করেছিলেন। তবে সেখানে মাদক সেবন করা হতো কি না, তা তিনি জানেন না।

জানতে চাইলে দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি সুড়ঙ্গটির বিষয়ে জেনেছেন। এটি যিনি তৈরি করেছিলেন তিনি নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের সুবিধার্থেই তিনি বাগানের ভেতরে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করেছিলেন।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করেছে। স্থানীয় বাসিন্দারা সেখানে মাদক সেবন করা হতো বলে অভিযোগ করেছেন। পরে মাদক সেবন রোধে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।

Read full story at source