চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

· Prothom Alo

চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম রুফাইয়িত (সাড়ে তিন বছর)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামের আসমান আলীর ছেলে। স্বজনেরা উদ্ধারের পর শিশুটির লাশ ঢোলমারী গ্রামে তার বাবার বাড়িতে নিয়ে যান। সেখানেই দাফনের প্রস্তুতি চলছে।

Visit newsbetting.cv for more information.

দামুড়হুদার চারুলিয়া ক্যাম্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের সঙ্গে গতকাল শুক্রবার বোয়ালমারী গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ৯টার দিকে শিশুটি প্লাস্টিকের ছোট একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির পাশের একটি পুকুরে বাইসাইকেলটি ভাসতে দেখেন। পর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

চারুলিয়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুর আলী মুঠোফোনে প্রথম আলোকে জানান, পুলিশকে না জানিয়ে মৃত শিশুটিকে মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নানাবাড়ির লোকজন দাবি করছেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। ঢোলমারী গ্রামে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তাই শিশুটির স্বজনদের অনুরোধ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে যেন তাঁরা দাফন করেন। এ বিষয়ে চারুলিয়া ক্যাম্প থেকে পুলিশের একটি দলকে ঢোলমারী গ্রামে পাঠানো হয়েছে।

Read full story at source