ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধকরণের বিরোধিতায় লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

· Prothom Alo

ফিলিস্তিন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে আয়োজিত বিক্ষোভ থেকে ৫২৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছে, একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রতি সমর্থন জানানোয় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

গত ফেব্রুয়ারিতে লন্ডনের উচ্চ আদালত এক রায়ে বলেছিলেন, ফিলিস্তিনপন্থী এই গ্রুপটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞা বেআইনি। এই রায়ের পর এটিই ছিল প্রথম বড় কোনো জমায়েত।

তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন।

গত বছরের জুলাইয়ে গ্রুপটির কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করলে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

সংগঠনটি অভিযোগ করে আসছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘যুদ্ধাপরাধে’ ব্রিটিশ সরকার সহযোগী হচ্ছে। তবে ইসরায়েল গাজায় কোনো ধরনের যুদ্ধাপরাধ করার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।

গতকালের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ট্রাফালগার স্কয়ারে জড়ো হন। তাঁদের অনেকের গায়ে ছিল সাদা-কালো রঙের ফিলিস্তিনি স্কার্ফ। হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। বিক্ষোভের সময় অনেককে রাস্তায় বা ক্যাম্পিং চেয়ারে বসে প্রতিবাদ জানাতে দেখা যায়।

Read full story at source