খাল থেকে একে একে তোলা হলো ডিজেলভর্তি ৮টি ড্রাম
· Prothom Alo

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি খালে থেকে একে একে আটটি প্লাস্টিকের ড্রাম তোলা হয়। প্রতিটি তরলে ভর্তি। ঢাকনা খুলে দেখা গেল ড্রামগুলোতে থাকা সেই তরল জ্বালানি তেল ডিজেল। আজ বুধবার দুপুরে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণ পাশের খাল থেকে ডিজেলভর্তি এসব ড্রাম জব্দ করে পুলিশ।
Visit syntagm.co.za for more information.
পুলিশ জানায়, ডিজেল মজুত করার খবর পেয়েই রামগতি থানা-পুলিশ খালে অভিযান চালিয়েছিল। এ সময় খাল থেকে প্লাস্টিকের পুরোনো আটটি ড্রাম ওঠানো হয়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে ডিজেল ছিল। ৮টি ড্রামে সব মিলিয়ে পাওয়া যায় ১ হাজার ৩৬০ লিটার ডিজেল। এর বাজারমূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। তেলের ড্রামগুলো খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কোনো মালিকের সন্ধান মেলেনি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলভর্তি ওই সব ড্রাম জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযানের সময় ডিজেলের প্রকৃত মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অসাধু ব্যবসায়ী এই কাজ করেছে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।