তেলের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে কিছু মিডিয়া, অতি উৎসাহ ও চোরাচালানের কারণে: চিফ হুইপ
· Prothom Alo

দেশে জ্বালানিসংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, জ্বালানি তেলের সরবরাহের ঘাটতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষের অতি উৎসাহ ও চোরাচালানের কারণে। এটি যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
Visit newsbetsport.bond for more information.
আজ শনিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, তারেক রহমান সভায় তেলের মজুতদারি রোধ ও চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
নূরুল ইসলাম বলেন, তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে দুই লাখ টন তেল নিয়ে জাহাজ ঘাটে লেগেছে, আরও দুই লাখ টন অচিরেই দেশে পৌঁছাবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীর অর্থনীতি টালমাটাল। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। দেশে তেলের দাম ঠিক রাখার জন্য সরকার চেষ্টা করছে এবং প্রায় ২০০ কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দেওয়া হচ্ছে। এ বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করা হয়েছে।
চিফ হুইপ বলেন, সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের সর্বত্র ভিজিলেন্ট (দৃশ্যমান) হতে বলেছেন; যাতে তেলের দাম না বাড়ে। তিনি সব জায়গায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।
তেলের মজুতদারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন। আগামীকাল সংসদে ৩০০ বিধিতে জ্বালানিমন্ত্রী বক্তব্য দেবেন বলেও সভায় জানানো হয়েছে।
চিফ হুইপ জানান, সংসদীয় দলের বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতে যাতে এমন না হয়, সে জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়েছেন।
চিফ হুইপ আরও বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রথমবারের মতো মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে অবহিত করার জন্য, যাতে তাঁরা নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। আগামীকাল বেলা দেড়টার সময় আবারও সংসদীয় দলের বৈঠক হবে। প্রতি মাসে সংসদ সদস্যদের জন্য এমন একটি ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে সরকার কীভাবে চলছে এবং কী করতে চায়, তা তাঁরা জানতে পারেন।