বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, পুলিশ বলছে আগের ভিডিও

· Prothom Alo

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Visit newsbetsport.bond for more information.

বেতাগী উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও জেলার প্রায় পাঁচ শতাধিক ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা–কর্মী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই অনুষ্ঠানের চার মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন ‘ছাত্রলীগ ঐক্যবদ্ধ, ছাত্রলীগ অপ্রতিরোধ্য।’

ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের ব্যানারে লেখা, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঐক্য, ভ্রাতৃত্ব আর সংগ্রামের প্রত্যয়ে ঈদ পুনর্মিলনী ২০২৬। আয়োজনে বেতাগী উপজেলা ছাত্রলীগ।’ ব্যানারের ডান পাশে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের (জয়) ছবি। প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতা–কর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মুঠোফোনে ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ঈদ শুভেচ্ছা জানান বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, বেতাগী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান (ফোরকান), বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির প্রমুখ।

জানা  গেছে, রোববার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এ সময় সংগঠনের জেলা শাখার বিভিন্ন নেতা–কর্মীকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এই আয়োজন সম্পর্কে গতকাল রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন নেতা–কর্মীদের নিয়ে একসঙ্গে বসা হয়নি। তাই তাদের উজ্জীবিত করতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও আয়োজনটি সফল করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ সম্পর্কে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান (শাহীন) প্রথম আলোকে বলেন, ‘বেতাগীর ঘটনাটি খুবই দুঃখজনক। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা কীভাবে প্রকাশ্যে চলে আসে, এমন একটি আয়োজন করেছেন, এটা আমাদের বোধগম্য নয়।’

হুমায়ূন হাসান অভিযোগ করেন, ‘ছাত্রলীগের এমন অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের সহযোগিতা রয়েছে বলে আমরা মনে করি। এ ছাড়া আমাদের দলীয় নেতা–কর্মীদের সহযোগিতা থাকতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা জোরালোভাবে দেখব। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।’

বেতাগী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দলের নেতা–কর্মীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়

এ বিষয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান কবির বলেন, ‘পৌরসভার বাইরে গিয়ে তারা এই অনুষ্ঠান করেছে। বিষয়টি আমাদের জানা ছিল না। রাতে বিষয়টি আমরা জেনেছি।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের যে অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তা অনেক আগের ভিডিও। এখন এমন ঘটনা ঘটে থাকলে, ছাত্রলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হবে‌।

Read full story at source