যমুনা সেতু মহাসড়কে দ্বিগুণের বেশি যানবাহন, তবে যানজট নেই

· Prothom Alo

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। আজ বুধবার দুপুর যানজটের সৃষ্টি হয়নি।

যমুনা সেতুর টোলপ্লাজা সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণের বেশি। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

Visit xsportfeed.life for more information.

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। আজ এই চাপ আরও বাড়তে পারে। তবে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের কোথাও যানজট হয়নি।

সকালে সরেজমিন মহাসড়কে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ রয়েছে। কিছুটা ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট নেই।

মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা সিএনজি স্টেশনে কথা হয় রাজশাহীগামী মাইক্রোবাসের চালক টিপু মিয়ার সঙ্গে। তিনি জানান, সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা হয়ে নবীনগর ও চন্দ্রা এলাকায় কিছু সময় যানজটে পড়তে হয়েছে। তারপর আর কোথাও থেমে থাকতে হয়নি। চার ঘণ্টায় এলেঙ্গা পর্যন্ত পৌঁছেছেন। স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি সময় লেগেছে এলেঙ্গা পর্যন্ত আসতে।

ঢাকা থেকে টাঙ্গাইলে আসা বাসযাত্রী রুহুল আমিনের সঙ্গে কথা হয় টাঙ্গাইল শহর বাইপাস সড়কের আশেকপুর মোড়ে। তিনি জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তাই সময় কিছুটা বেশি লেগেছে টাঙ্গাইল পৌঁছাতে।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শরীফ বলেন, মহাসড়কে চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে কোনো দুর্ঘটনা বা যানবাহন বিকল হয়ে চলাচল বিঘ্ন না হলে যানজটের আশঙ্কা নেই।

টাঙ্গাইলের পুলিশ সুপার সকালে মহাসড়ক পরিদর্শন করেন। তিনি জানান, ঢাকা ও উত্তরবঙ্গগামী উভয় লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট যাতে না হয়, সে জন্য পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

যমুনা সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপর দিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮ টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে দুই প্রান্তেই ২টি করে বুথ মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

Read full story at source