সরকার পরিবর্তন হলেও নারী নির্যাতন কমেনি: সিপিবি
· Prothom Alo

দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করেছে, সরকার পরিবর্তন হলেও দেশে নারী নির্যাতনের হার কমেনি।
আজ শুক্রবার পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে নারী ও শিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ করতে হবে।
Visit asg-reflektory.pl for more information.
সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশে নারীর ওপর নির্যাতনের ঘটনা থামার কোনো লক্ষণ নেই। বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত নারীমুক্তি সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে চলমান সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সরকার পরিবর্তন হলেও নারী নির্যাতনের হার কমেনি। সাম্প্রতিক সীতাকুণ্ডের ঘটনাসহ গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান ও জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর বলেন, নারী বিদ্বেষ, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনা থামছেই না। নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে প্রগতিশীল শক্তি ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি ঢাকা জেলা কমিটির সম্পাদক সাজেদা বেগম। সমাবেশ পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তার। সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে আবার পুরানা পল্টনে এসে শেষ হয়।