পার্টি শাড়ির লুকে কে বেশি মোহময়ী
· Prothom Alo

শাড়ি বাঙালি নারীর প্রিয় পোশাক, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে সঠিক স্টাইলিং আর সাজে শাড়ি হয় সত্যিই নজরকাড়া। সামনে ঈদ বা যেকোনো পার্টি লুকের জন্য শাড়ি হতে পারে প্রথম পছন্দ। সেক্ষেত্রে তারকাদের লুক থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে । বাংলাদেশের তারকা অভিনেত্রীদের পার্টি শাড়ির লুক রইলো হালফ্যাশনের পাঠকদের জন্য; দেখে আপনিও হয়ে উঠতে পারেন ফ্যাশনিস্তা।
Visit asg-reflektory.pl for more information.
জয়া আহসান
ফ্লোরাল শাড়ির সঙ্গে অনন্য এক স্টাইলিশ উপস্থিতিতে ধরা দিয়েছেন জয়া । শাড়িটির সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে তাঁর পরা বিশেষ ডিজাইনের ব্লাউজ। সুইটহার্ট নেকলাইনের বেলুন স্লিভ ব্লাউজটি এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ। নেকলাইনে এমনভাবে ডিজাইন করা , প্রথম দেখায় মনে হতে পারে গলায় নেকপিস পরেছেন তিনি—আসলে সেটিও ব্লাউজেরই অংশ। লুকের সঙ্গে মিল রেখে হাতে রেখেছেন ফ্লোরাল ক্লাচ। গয়নার ক্ষেত্রে বেছে নিয়েছেন সাদা স্টোন বসানো সিলভার ঝুমকা, সঙ্গে নাকফুল, ব্যাঙ্গল ও আংটি। মেকআপে চোখে পড়ছে স্মোকি আই লুক আর চুল বাঁধা খোঁপা স্টাইলে। সব মিলিয়ে এই সাজে জয়া যেন ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন রূপে।
সাদিয়া আয়মান
টিল রঙের অরগাঞ্জা শাড়িতে রাজকীয় আবেশে ধরা দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। শাড়ির পাড়জুড়ে ভারি কাজ নজর কাড়ছে, আর জমিনে আছে সিলভার থ্রেড ও সিকুইনের সূক্ষ্ম ফুলেল এমব্রয়ডারি। জুটি হয়েছে ন্যুড টোনের জমকালো স্টেটমেন্ট ব্লাউজ। গয়না নির্বাচনে সাদিয়া বেছে নিয়েছেন টাইমলেস ডায়মন্ড-স্টাইল চোকার নেকলেস ও ম্যাচিং ড্যাংলার ইয়াররিং। দুই হাতে ম্যাচিং চুড়িও পরেছেন ।
মেকআপে রয়েছে সফট গ্ল্যাম গ্লো। নিখুঁত বেস, পিচ টোনের ব্লাশ ও হালকা হাইলাইটার মুখে সতেজতা এনেছে। চোখে শিমারি আইশ্যাডো ও ল্যাশ, আর ন্যুড-পিচ লিপ কালার পুরো লুককে রেখেছে নরম ও এলিগ্যান্ট।খোলা, সফট ওয়েভি চুল শাড়ি লুকের সঙ্গে দারুণ মানিয়েছে। সব মিলিয়ে, সাদিয়া আয়মানের এই লুকটি এ সময়ের বিয়ের দাওয়াত, ঈদ কিংবা যেকোনো পার্টির একদম পারফেক্ট।
সুনেরাহ বিনতে কামাল
মভ ন্যুড টোনের সি থ্রু শাড়িতে ধরা দিয়েছেন সুনেরাহ। শাড়িটির স্ট্রাইপ প্যাটার্নজুড়ে সূক্ষ্মভাবে করা মুক্তা ও সিকুইনের কাজ। সঙ্গে পরেছেন একটি স্টাইলিশ ব্লাউজ। ব্লাউজটির স্যাটিন বডিসে রয়েছে সুইটহার্ট নেকলাইন আর নেটের বেলুন স্লিভ ব্লাউজটিকে করেছে আরও আকর্ষণীয় ও ট্রেন্ডি। অভিনেত্রী সেজেছেন গ্লসি ন্যুড মেকআপে। চুলে পনিটেল করা। সঙ্গে পরেছেন আকর্ষণীয় স্টেটমেন্ট জুয়েলারি।
তানজিল তিশা
কালো শাড়ির মোহময়ী সাজে ফ্রেমবন্দি হয়েছেন তানজিল তিশা। শাড়ির সঙ্গে মানিয়ে বেছে নিয়েছেন ফুলস্লিভ ব্লাউজ। শাড়ি ও ব্লাউজ জুড়ে সিলভার সিকুইন, ডলার এবং জড়িসুতার গর্জিয়াস কারুকাজ । সফট পিঙ্ক গ্ল্যাম লুকে সেজেছেন তিনি । জুয়েলারীতে নজড় কাড়ছে ডায়মন্ড চোকার । আর খোঁপায় গুঁজেছেন একটি লাল গোলাপ, যা লুকটিকে করেছে আরও প্রাণবন্ত ।
সাফা কবির
ফ্লোরাল প্রিন্টের হালকা অলিভ শাড়িতে সাফা। শাড়িজুড়ে সোনালি, ফিরোজা, সবুজ ও কপার টোনের সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি, সঙ্গে ঝলমলে সিকুইনের কাজে ফুটে উঠেছে রাজকীয় দীপ্তি। সঙ্গে পরা মানানসই লাইম অলিভ রঙের ব্লাউজটি স্লিভলেস ও হাই-নেক ডিজাইনের। সোনালি জড়ি সুতা আর সিকুইনের নেকলাইনটিও আকর্ষণ কাড়ছে।
গ্ল্যাম মেকআপে সেজেছেন তিনি। সুসজ্জিত ভ্রু যুগলের সঙ্গে আই মেকআপে ফুটে উঠেছে শিমারি আইশ্যাডো, কাজল ও মাসকারা। ঠোঁটে গ্লসি লিপকালার আর গ্ল্যাম যোগ করেছে ব্লাশ অন আর হাইলাইটার।কানে সবুজ ড্রপ ইয়াররিং, হাতে গোল্ডেন ব্রেসলেট ও ঘড়ি পরেছেন সুন্দরী। আর চুলগুলো ছেড়ে রাখা হয়েছে ঢেউখেলানো আমেজে।
মন্দিরা চক্রবর্তী
লাস্যময়ী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সাদা শিফন শাড়িতে আবেদন ছড়াচ্ছেন যেন । এর সঙ্গে বিশেষ নজর কাড়ছে মুক্তা সজ্জিত স্টেটমেন্ট ব্লাউজটি। ছোট-বড় মুক্তা আর সবুজ বিডসের ডিটেইলিং দেওয়া হয়েছে ব্লাউজটির ব্যাকে । দেখে মনে হচ্ছে, বডি জুয়েলারিতে সেজেছেন তিনি। সাদা শাড়ির সঙ্গে তাঁর সাজের অন্যতম আকর্ষণ লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট। পরেছেন হীরা ও পান্নার দুল। হাতে একই ডিজাইনের আংটি আর সবুজ বালাও শোভা পাচ্ছে। যেকোনো পার্টি লুকের জন্য মন্দিরার এই সাজপোশাক অনুপ্রেরণা হতে পারে। একরঙা শাড়ির সঙ্গে শুধু একটা স্টেটমেন্ট ব্লাউজে স্টাইল হবে ষোলআনা।
নাজিফা তুষি
ছবিতে তুষিকে দেখা যাচ্ছে এক অনন্য, রাজকীয় অথচ পরিমিত গ্ল্যামারের লুকে। পরেছেন কফি-বাদামি শেডের অর্গানজা শাড়ি। শাড়ির জমিনে সূক্ষ্ম সিকুইন ও ছোট ছোট স্টোনের কাজ আভা ছড়াচ্ছে যেন । তবে শাড়িটির আসল আকর্ষণ কালো ফ্লোরাল এমব্রয়ডারি । এর সঙ্গে ম্যাচিং স্লিভলেস ডিপ নেকলাইন ব্লাউজে রয়েছে সূক্ষ্ম অলংকরণ। গয়নায় বেছে নিয়েছেন বড় আকারের স্টেটমেন্ট ঝুমকা। হাতে ব্ল্যাক পলিশড ব্যাঙ্গল, আর সঙ্গে নিইয়েছেন কালো ভেলভেটের বাটুয়া ব্যাগ।মেকআপে সফট গ্ল্যাম টাচ ফুটে উঠেছে তাঁর।
চুল মাঝখান থেকে সিঁথি করে লো পোনিটেইলে বাঁধা, তাতে মুক্তার হেয়ার অ্যাক্সেসরিজ। সব মিলিয়ে, এই মোহময়ী লুক থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও।
নুসরাত ফারিয়ার
নুসরাত ফারিয়ার প্যাস্টেল সবুজ শিফন শাড়িতে ধরা পড়েছে স্নিগ্ধ, কোমল আর এককথায় গ্ল্যামারাস আমেজ। শাড়ির বর্ডারে সাদা সুতা, সিলভার সিকুইন আর মুক্তার সূক্ষ্ম কাজ আবেদন যোগ করেছে।জুটি হয়েছে একই রঙের ডিপনেক লাইনের স্লিভলেস ব্লাউজ। কানে-গলায় মুক্তা-পাথরের চোকার আর দুল বেছে নিয়েছেন সুন্দরী। দুই হাতে শোভা পাচ্ছে ঘড়ি, আংটি ও ব্রেসলেট।সফট কার্লসের খোলা চুলের সঙ্গে সফট গ্ল্যাম মেকওভারে সেজেছেন এই ডিভা।আবেদনময় ঠোঁটে ন্যুড ক্রিম লিপকালার, শিমারি আইশ্যাডো আর আইলাইনার—কাজলে আঁকা চোখ, গালে পিচ-টোন ব্লাশ ও হাইলাইটার।এই সময়ের পার্টি লুকের জন্য এই সাজ হতে পারে অনুপ্রেরণা।
মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী ধরা দিয়েছেন একেবারে ভিন্ন মুডে—নরম, রোমান্টিক ও ক্ল্যাসিক শাড়ির সাজে। শ্যাম্পেন গোল্ড রঙের শাড়িটি একরঙা। বর্ডারে সূক্ষ্ম এমব্রয়ডারি ও শিমার ডিটেইলে ভীষণ আভিজাত্যপূর্ণ ছোঁয়া।একই রঙের স্লিভলেস ব্লাউজের নকশায় ফুটে উঠেছে সিকুইন আর বিডসের নিখুঁত ফ্লোরাল মোটিফ। ব্লাউজটি শাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে যেন। এই লুকে তাঁর চুল ছেড়ে রাখা হয়েছে, মাঝসিঁথি ও স্মুথ ওয়েভ স্টাইল করে।
মেকআপ রাখা হয়েছে সফট ও গ্লোয়ি টোনে। চোখে গোল্ডেন শিমার শ্যাডো আর কাজলে সেজেছেন তিনি।গালে সফট হাইলাইটার আর নুড ব্রাউন লিপকালার লুকটিকে করেছে আরও সুন্দর।গয়নায় ঝুলন্ত স্টোনড ইয়ার রিং, হাতে ব্রেসলেট ও আংটি—সবকিছুই শাড়ির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অতিরিক্ত নয়, বরং পরিমিত। এই লুকে মেহজাবীন যেন এক ক্ল্যাসিক মিউজ।
সাবিলা নূর
সাবিলা নূরের এই বেবি পিংক গ্ল্যাম শাড়িটি সাফিয়া সাথীর ডিজাইন করা। সঙ্গে নজর কাড়ছে দারুণ ফিটিংয়ের স্লিভলেস ম্যাচিং ব্লাউজ। পুরো শাড়ি আর ব্লাউজে জমকালো সোনালি কারুকাজ করা। পাড়েও রয়েছে পাত্তির কাজ।সফট ওয়েভ হেয়ারস্টাইল আর চোখজুড়ানো সফট গ্ল্যাম মেকওভার করেছেন সুন্দরী । টেনে দেওয়া গাঢ় আইলাইনার, ঘন ল্যাশের মাসকারা, গোলাপি শিমারি আইশ্যাডো আর ন্যুড পিংক সেমি ম্যাট লিপকালারের মেকওভারের সঙ্গে দারুণ মানিয়েছে লম্বা ঝোলানো দুল।
বিদ্যা সিনহা মীম
সাদা শাড়িতে শুভ্রতার আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। শাড়িতে টোন অন টোন ফ্লোরাল কাজ ও ম্যাচিং ব্লাউজ লুককে করেছে পরিপূর্ণ। ছেড়ে রাখা চুলে গোঁজা লাল গোলাপ এবং রেড লিপস লুকটিকে দিয়েছে প্রাণবন্ত গ্ল্যামার। পরিমিত গয়না সাজটিকে আরও মার্জিত করেছে।