খেতের পানিতে ভাসছিল নিখোঁজ চালকের লাশ, খোঁজ নেই অটোভ্যানের

· Prothom Alo

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জিয়ানগর বাজার–সংলগ্ন বড়িয়া গ্রামে পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশটি পাওয়া যায়।

Visit chickenroadslot.lat for more information.

মোজাম উদ্দিন দুপচাঁচিয়া উপজেলার ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, অটোভ্যানটি ছিনতাই করতেই চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম উদ্দিন রাতের বেলা অটোভ্যান চালাতেন। অন্য দিনের মতোই গতকাল মঙ্গলবার ইফতারের কিছু আগে তিনি ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

আজ সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে জিয়ানগর বাজারের পাশে খেতের পানিতে একটি লাশ ভাসছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন দুপচাঁচিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটিকে মোজামের বলে শনাক্ত করেন।

থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, মোজামের অটোভ্যানের হদিস মেলেনি। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read full story at source