যশোরের অভয়নগরে শিল্পপতির বাড়িতে ককটেল হামলা

· Prothom Alo

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে শিল্পপতি মোহাম্মদ আলী শেখের বাড়ি লক্ষ্য করে ককটেলের হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনায় বাড়ির নিচতলার থাই গ্লাস ভেঙে গেছে। এ সময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের কেউ বাড়িতে ছিলেন না।

মোহাম্মদ আলী শেখ যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত রোমান জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক। খবর পেয়ে রাতেই অভয়নগর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করেছে।

Visit asg-reflektory.pl for more information.

মোহাম্মদ আলী শেখ জানান, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে তাঁর বাড়িটি তালাবদ্ধ রয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে কে বা কারা তাঁর বাড়ি লক্ষ্য করে ককটেলের হামলা চালায়। ককটেলটি বিস্ফোরিত হলে দোতলা বাড়িটির নিচতলার থাই গ্লাস ভেঙে যায়। আলী শেখের অভিযোগ, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েক দিন আগেও তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাঁর ক্ষতি হবে বলে জানানো হয়। মোহাম্মদ আলীর দাবি, চাঁদা না পেয়ে তাঁর বাড়িতে ককটেলের হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনিরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে মোহাম্মদ আলী শেখের বাড়ির পাশে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশের একটি দল গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read full story at source