বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সৃজনশীল হতে শেখায়

· Prothom Alo

‘বিতর্ক নিজের মতকে প্রকাশ করতে শেখায়। একজন বিতার্কিক তার পুঁথিগত বিদ্যা, সামাজিক বাস্তবতা, নিজস্ব চিন্তার প্রয়োগ ঘটিয়ে বক্তব্য তুলে ধরে। যুক্তিবাদী ও আলোকিত মানুষ হতে সাহায্য করে বিতর্ক। এটি শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সৃজনশীল হতে শেখায়।’

১৫ ফেব্রুয়ারি আর কে স্টেট উচ্চবিদ্যালয়ে ঠাকুরগাঁও বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে এ কথা বলেন বক্তারা। ‘কথায় নয়, কাজে নয়, যুক্তিতর্কে প্রমাণ করো তোমার যোগ্যতা’ প্রতিপাদ্যে এই উৎসবে শহরের আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Visit librea.one for more information.

সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান। বিতর্ক একটি শিল্প উল্লেখ করে তিনি বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞান বিকশিত করে, মেধা ও মননকে প্রস্ফুটিত করে। এতে মানুষ সহিষ্ণু হয়।’

মাদকের কুফল নিয়ে আলোচনা করেন চিকিৎসক নাসিমা জাহান। বিতার্কিক হয়ে ওঠার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক শান্ত রায় ও ইউনুস আলী।

পরে আটটি স্কুলের বিতার্কিক দলের অংশগ্রহণে শুরু হয় প্রথম রাউন্ড বিতর্ক পর্ব। চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘আত্মহত্যা প্রতিরোধে পরিবার নাকি রাষ্ট্র—কার দায়িত্ব বেশি?’

অতিথিদের সঙ্গে বিতর্কে বিজয়ীরা

পক্ষে–বিপক্ষে যুক্তিতর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

সমাপনী পর্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর নাসরীন জাহান, ঠাকুরগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জোবাইদুর রহমান ও প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান প্রমুখ।

বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক তপু রায় জানান, ভবিষ্যতে এই আয়োজন দুই দিনব্যাপী করার পরিকল্পনা রয়েছে। প্রথম দিন শুধু কর্মশালা হবে, আর দ্বিতীয় দিন হবে বিতর্ক প্রতিযোগিতা।

উৎসবে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা দিলারা রুমি, সহসভাপতি রাবেয়া সুলতানা, সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মারুফ হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহফুজা ফারিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তৌফিক তয়ন, বন্ধু মুস্তাকিম রহমান, আল নাফিস চৌধুরী প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা

Read full story at source