ফেনীতে চাঁদাবাজি ও অপরাধ দমনে হটলাইন চালু করলেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

· Prothom Alo

ফেনীতে নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। আজ শুক্রবার তাঁর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধের তথ্য সরাসরি জানাতে এ হটলাইন চালু করা হয়েছে। অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে অভিযোগ করতে www.aamintoo.com ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

Visit forestarrow.help for more information.

মন্ত্রীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, স্থানীয় জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এতে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমবে বলে আশা করছেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গঠিত নতুন মন্ত্রিসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে আবদুল আউয়াল মিন্টুকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Read full story at source